বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা কাজে বিশ্বাস করি, সমালোচনায় নয়।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, চরমোনাই পীরসাহেব ও আলেমরা জানাচ্ছেন, জামায়াত ইসলাম কোনো ইসলামী দল নয়। ভোটারদের ভুল বোঝানো হচ্ছে, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে’—এ ধরনের কথা মুসলমানরা বিশ্বাস করবে না।
তিনি আরও বলেন, “টেলিভিশন ও মোবাইলে দেখা যাচ্ছে, একটি দলের নেতা নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছে। মা-বোনদের সম্মান না করা ও কটু কথা বলা কখনো বেহেশতে পৌঁছাতে সাহায্য করবে না।”
বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল সতর্ক করেন, “রাজনীতি করলে মিথ্যা, গীবত বা অন্যের সমালোচনা করা উচিত নয়।”
পথসভায় দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
-এমইউএম










