আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীদের কঠোর সমালোচনা করেছেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, “উন্নয়নের কথা বলে মানুষের বিশ্বাস অর্জন করতে না পেরে এখন অনেকেই সাধারণ মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করছে।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বোর্ডের ঘর মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্দালিভ রহমান পার্থ বলেন, “ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে-এমন কথা যারা বলে তারা স্পষ্টত মুনাফিক। আসমান-জমিন এবং জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। যারা ধর্ম নিয়ে ব্যবসা বা মানুষের সাথে প্রতারণা করতে আসে, তাদের বয়কট করুন।”
জনসভায় উপস্থিত হাজারো মানুষের উদ্দেশে পার্থ বলেন, দ্বীপ ভোলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও মৌলিক অধিকার বঞ্চিত। আওয়ামী লীগ গত ১৭ বছরে উন্নয়নের নামে কেবল লুটপাট আর আত্মীয়-করণ করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, যদি ভোটাররা তাকে নির্বাচিত করেন তবে গ্যাস সমৃদ্ধ ভোলার দৃশ্যপট পাল্টে দেবেন এবং ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নে সংসদে সর্বোচ্চ জোরালো ভূমিকা রাখবেন।
নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি ও বিজেপি ভাই ভাই, ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনারা এর আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর বিশ্বাস রেখেছিলেন, এবার তারেক রহমানের ওপর বিশ্বাস রেখে দেখুন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না।”
বাপ্তা ইউনিয়নের এই সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো এলাকা দলীয় স্লোগান এবং ‘গরুর গাড়ি’ ও ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে মুখর হয়ে ওঠে।