ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ভোটারদের দ্বারে দ্বারে যোগাযোগ করছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রামপুরার মৌলভীরটেক, বউ বাজার, চৌধুরী পাড়া ও পশ্চিম হাজিপাড়া এলাকায় গণসংযোগ করেছেন তিনি।
এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি শুনেন। দুপুরে মাটির মসজিদ এলাকায় মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই আন্দোলনে নারীরা অপরিসীম ভূমিকা পালন করেছেন; তারা রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।”
বিকেলে তালতলা মার্কেটে ব্যবসায়ী সমাবেশে অংশ নেন এবং মাটির মসজিদ চৌরাস্তায় উঠান বৈঠক করেন। রাতে মালিবাগ জামেয়া মসজিদের পূর্ব গেটের সামনে ভোটারদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি।
গণসংযোগ ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং হিজড়া ভোটার ৩ জন। আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বাড্ডা, রামপুরা, বনশ্রী, মহানগর প্রজেক্ট, মালিবাগ-চৌধুরীপাড়া, বারিধারা সংলগ্ন এলাকা, ভাটারা নতুন বাজার, নুরের চালা ও ছোলমাইদ।
-এমইউএম










