রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৪৪১তম দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি

ছবিঃ সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতি

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রুশ হামলায় অন্তত দুই কিশোর নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে জানান আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ। হামলার পর জাপোরিঝিয়া অঞ্চলে ২৪ ঘণ্টার বিমান হামলা সতর্কতা জারি করা হয়। চারটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।রাশিয়া-অধিকৃত খেরসন অঞ্চলের নোভা কাখোভকা শহরে ইউক্রেনীয় গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ক্রেমলিন-নিয়ন্ত্রিত প্রশাসন। খবর আলজাজিরার।

কিয়েভের কর্মকর্তারা জানান, রাশিয়া চলতি বছরে সবচেয়ে শক্তিশালী রাতের হামলা চালিয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর। এতে প্রচণ্ড শীতের মধ্যে লাখো মানুষ গরমের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে (DTEK) জানিয়েছে, এটি ২০২৬ সালের শুরু থেকে জ্বালানি খাতে চালানো সবচেয়ে বড় রুশ হামলা।ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি বিদ্যুৎকেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেখানে অন্তত পাঁচজন আহত হয়েছেন।ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, হামলায় রাশিয়া ৪৫০টি ড্রোন ও ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি অভিযোগ করেন, তাপমাত্রা কমার অপেক্ষা করেই রাশিয়া এই হামলা চালিয়েছে। কিয়েভের পূর্বাঞ্চলীয় দারনিতস্কি জেলায় একটি বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জ্বালানিমন্ত্রী দেনিস শ্মিহাল।রুশ হামলার ফলে কিয়েভে ১,১৪২টি বহুতল ভবন গরমের সুবিধা হারিয়েছে, বলেন উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি ছিল জ্বালানি অবকাঠামোর ওপর “ইচ্ছাকৃত হামলা”, যেখানে রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। জেলেনস্কির অভিযোগ, যুক্তরাষ্ট্র-সমর্থিত সাময়িক যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া অস্ত্র মজুত করেছে, যা সাম্প্রতিক হামলায় ব্যবহার করা হয়েছে।কিয়েভের প্রতীকী মাদারল্যান্ড স্মৃতিস্তম্ভের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কৃতিমন্ত্রী তেতিয়ানা বেরেঝনা এটিকে “প্রতীকী ও নৃশংস” হামলা বলে অভিহিত করেন।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ হামলার পরও ভ্লাদিমির পুতিনকে রক্ষা করে বলেন, তিনি জ্বালানি অবকাঠামোতে হামলা না করার স্বল্পমেয়াদি চুক্তি রোববার পর্যন্ত মেনে চলেছেন। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, এই হামলায় প্রেসিডেন্ট বিস্মিত নন। ন্যাটো মহাসচিব মার্ক রুটে, কিয়েভ সফরে এসে বলেন, রাশিয়ার এই হামলা শান্তি প্রতিষ্ঠায় মস্কোর আন্তরিকতার কোনো ইঙ্গিত দেয় না।

সামরিক সহায়তা

সুইডেন ও ডেনমার্ক যৌথভাবে ইউক্রেনকে ২৬০ কোটি সুইডিশ ক্রোনা (প্রায় ২৯ কোটি মার্কিন ডলার) মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা।

রাজনীতি ও কূটনীতি

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ভবিষ্যতে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সমন্বিত সামরিক প্রতিক্রিয়া জানানো হবে—এ বিষয়ে ইউক্রেন পশ্চিমা মিত্রদের সঙ্গে একমত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানান, তিনি পুতিনের সঙ্গে পুনরায় সংলাপ শুরুর প্রস্তুতি নিচ্ছেন, তবে রাশিয়া এখনো যুদ্ধবিরতিতে “প্রকৃত আগ্রহ” দেখাচ্ছে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন। ন্যাটো মহাসচিব রুটে বলেন, শান্তিচুক্তিতে পৌঁছাতে হলে ইউক্রেনকে “কঠিন সিদ্ধান্ত” নিতে হবে।

অর্থনীতি

ক্রেমলিন জানিয়েছে, ভারত নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ তেল কেনা বন্ধ করবে—ট্রাম্পের এমন দাবির বিষয়ে দিল্লির কাছ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

রুশ অর্থনীতি ২০২৫ সালে মাত্র ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানান প্রেসিডেন্ট পুতিন, যা আগের দুই বছরের তুলনায় অনেক কম।

খেলাধুলা

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো রাশিয়ার ওপর চার বছরের ফুটবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মন্তব্য করায় মস্কো সন্তোষ প্রকাশ করেছে। ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী মাতভিই বিদনি ইনফান্তিনোর মন্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন” বলে অভিহিত করেন।

ইউক্রেনীয় অ্যাথলেট ভ্লাদিস্লাভ হেরাসকেভিচ বলেন, নিরপেক্ষ পরিচয়ে রুশ ও বেলারুশিয়ান অ্যাথলেটদের অংশগ্রহণ অলিম্পিকের নিরপেক্ষতার নীতি ক্ষুণ্ন করছে। তিনি শীতকালীন অলিম্পিকে যুদ্ধের বিষয়টি তুলে ধরবেন বলে জানান।

-বেলাল হোসেন