সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি ভোটগ্রহণে অংশ নিচ্ছেন আলেম-উলামা ও জনপ্রিয় ইসলামী বক্তারাও। এরই ধারাবাহিকতায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। পোস্টে তিনি লেখেন, “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।”
সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব জানান, দেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে।
-এমইউএম










