আড়াইহাজারে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগ, আহত ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এতে জামায়াতের অন্তত ছয়জন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, জামায়াত কর্মী কবির হোসেনের বাড়িতে একটি সশস্ত্র দল হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টা করে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

জামায়াতে ইসলামীর দাবি, উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনের নির্দেশে নূর মোহাম্মদ ওরফে পাগলা মাস্তানসহ কয়েকজনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।

হামলায় কবির হোসেন, তাজুল ইসলাম, নাজমুল ইসলাম, মূসা মিয়া, সানাউল্লাহ ও ফারুক হোসেন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জামায়াতের অভিযোগ, হামলার আগে কবির হোসেনকে দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় প্রতিশোধমূলকভাবে হামলা চালানো হয়।

ঘটনার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসাদুর রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে।

নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ