নির্বাচনের দিন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১১ দলের প্রত্যেক আসনে একক প্রার্থী দেয়া হয়েছে। এটা আমাদের ঐক্যের পরিচয়। মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যদি অনৈক্যর সুযোগে চাঁদাবাজরা ক্ষমতায় আসে আগামী ৫ বছর কেউ শান্তিতে বসবাস করতে পারবেন না। আমরা ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যকে সফল করা আমাদের সকলের দায়িত্ব। আসা করি আপনারা সকলে সে দায়িত্ব পালন করবেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার ‘পূর্বের রূপ’ দেখাচ্ছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ আরো বলেন, একটি দল মনে করেন পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন, আপনারা মনে করবেন না শেখ হাসিনার মতো পার পেয়ে যাবেন। বিগত তিনটি নির্বাচনে দমন-পীড়ন করে নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল কিন্তু ৫ আগস্ট বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়েছিল, আপনাদের সন্তানেরা জীবন দিয়েছিল, সেই মানুষ পারে ভোটের জন্য জীবন দিতে। তাই নির্বাচনের দিন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের দিন ফজরের নামাজের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকলকে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। যেন আগের নির্বাচনের মতো আমার-আপনার ভোট অন্য কেহ দিতে না পারে এবং মরা মানুষ কবর থেকে যেন ভোট না দিতে পারে সেটা নিশ্চিত করতে করতে হবে।
প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাহমুদ আরও বলেন, পঞ্চগড়ের একজন প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এটা একটি গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোন অভিযোগ যায়, সেই অভিযোগের কোনো ব্যবস্থা নেয়া হয় না। অথচ বিএনপি প্রার্থীটিকে শোকজ করার কারণে আমরা দেখছি ওই দিন যেতে না যেতেই সে অফিসারকে উইড্রো করা হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসারাও ধানের শীষের ভোট চাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোঃ মামুনুর রশীদ,নাটোর/