জয়পুরহাট-১ আসনে ধানের শীষের প্রার্থীর বিশাল নির্বাচনী মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে শহরের স্টেডিয়াম মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

মিছিলে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান। এছাড়া জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক এমএ ওহাব, শহর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসময় বলেন, জনগণের ভোট ও অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতেই এই প্রচার কার্যক্রম। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে জয়পুরহাট-১ আসনের জনগণ ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে।

মোঃ জয়নাল আবেদীন জয় ,জয়পুরহাট/