ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শহরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় দুপুরে তিনি ভাষণ দেবেন। এই জনসভাকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং রাজেন্দ্র কলেজ মাঠে দুই লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে স্থানীয় বিএনপি।
ফরিদপুরের মাটিতে এটিই হবে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক জনসভা যেখানে তিনি সরাসরি বক্তব্য দেবেন। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে স্বল্প সময়ের জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন তিনি। দীর্ঘ ২১ বছর পর তার এই সরাসরি উপস্থিতি স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।
জনসভা উপলক্ষ্যে রাজেন্দ্র কলেজ মাঠে ৭০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল সাদা-কালো ব্যানার এবং ধানের শীষের ফেস্টুনে ছেয়ে গেছে। সাধারণ মানুষের সুবিধার জন্য ভ্রাম্যমাণ পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে।
নিরাপত্তার বিষয়ে জেলা বিএনপি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। জনসভা উপলক্ষে আজ সকাল থেকেই শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকা দিয়ে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এই জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ) ১৫টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
দলীয় সূচি অনুযায়ী, দুপুর ১২টায় বরিশালের সমাবেশ শেষ করে ১টার দিকে হেলিকপ্টারযোগে ফরিদপুর পৌঁছাবেন তিনি। এরপর ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠের জনসভা মঞ্চে উঠবেন। সভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি গুলশানের বাসভবনে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, “আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আমাদের চেয়ারম্যানের এই প্রথম ফরিদপুর সফর ঘিরে সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।”
–লামিয়া আক্তার










