কালিয়ায় জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইদের হাতে যুবক খুন

নড়াইলের কালিয়া উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইছুব আলী (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইছুব আলী বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে ইছুবের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই আতাউর মোল্যা ও শহিদ মোল্যাদের বিরোধ চলছিল। স্থানীয় পর্যায়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

সোমবার সকালে ইছুব আলী ও তার ভাই হযরত জমিতে সেচ দিতে গেলে প্রতিপক্ষের সঙ্গে তর্কের একপর্যায়ে আতাউর, শহিদুলসহ ৭-৮ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইছুব আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তেরোখাদা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইছুবের পক্ষের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নাজিম উদ্দিন, নড়াইল/