দীর্ঘ দুই দশক পর বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঐতিহাসিক বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।
সরেজমিনে দেখা গেছে, কুয়াশাচ্ছন্ন সকালেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বেলস পার্ক মাঠ। পিরোজপুরের নেছারাবাদ থেকে আসা যুবদল কর্মী সাইদুল ইসলাম জানান, নেতার আগমনে আবেগাপ্লুত হয়ে তিনি ভোরের লঞ্চেই বরিশালে পৌঁছেছেন। বাবুগঞ্জ থেকে আসা মহিলা দল কর্মী নাসিমা বেগম বলেন, “রোজা রেখে ভোরে মাঠে এসেছি। ব্যক্তিগত কোনো চাওয়া নেই, শুধু চাই নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ও শান্ত বাংলাদেশ।”
সমাবেশস্থলে নারী নেতাকর্মীদের বসার জন্য আলাদা ঘেরাও করা জায়গা তৈরি করা হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন আর সুদৃশ্য তোরণে।
বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা এই জনসভায় উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এই বিভাগে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বিভাগের অন্তত ৯০ শতাংশ আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হবেন।
সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই স্থানে দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে বরিশালে যে উন্নয়ন শুরু হয়েছিল, তারেক রহমান সেই ধারাকে পূর্ণতা দেবেন।”
দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশাল পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় ঐতিহাসিক বেলস পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। সমাবেশ শেষে দুপুর ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন। এর আগে সর্বশেষ ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান।
–লামিয়া আক্তার










