একাত্তরের স্বাধীনতাকে না মানলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “আমার কাছে মনে হয়, আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদেরকে নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে।
“আমাদেরকে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি।
তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। সেজন্যে আমি সব সময় এই কথাটা বলি- একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলে একসঙ্গে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি।
মির্জা ফখরুল বলেন, এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেটা আমাদের স্বাভাবিকভাবে চিন্তার মধ্যে পড়ে।
তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা পাঁচ বছর পর নির্বাচন একটাই আসে, আর যে ভোট আমরা দিই এই ভোটটাকে বলা হয় পবিত্র আমানত। আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা যাবে না। অর্থাৎ এটাকে নষ্ট করা যাবে না। আমরা সেই ব্যক্তিকে ভোটটা দেব, যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন। কারণ, ভোটের সময় মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত করে, আপনার কাছের লোকটাকে চেনাতেও ভুল বোঝায়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওতেও সেই কাজটা হচ্ছে।
এ সময় উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।
-মামুন










