দক্ষিণ এশিয়ায় সাক্ষরতার হারে সর্বনিম্নে পাকিস্তান

দক্ষিণ এশিয়ায় সাক্ষরতার দিক থেকে এখনও সর্বনিম্ন অবস্থানেই রয়েছে পাকিস্তান। দেশটিতে পড়তে ও লিখতে পারেন ১০ বছর ও তদূর্ধ্ব বয়সি জনগোষ্ঠীর মাত্র ৬৩ শতাংশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দেশটির পরিসংখ্যান ব্যুরো (পিবিএস) এবং বিশ্বব্যাংকের তথ্যের উপর ভিত্তি করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নেটওয়ার্ক (এফএএফইএন) এর পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, ২০১৮-১৯ সাল থেকে পাকিস্তান সাক্ষরতার ক্ষেত্রে মাত্র তিন শতাংশের সামান্য উন্নতি করেছে। যা সাংবিধানিক এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি সত্ত্বেও শিক্ষা খাতে ধীর অগ্রগতি তুলে ধরছে।

তথ্যানুসারে ২০১৮-২০১৯ সালে পাকিস্তানের সাক্ষরতার হার ছিল ৬০ শতাংশ, যা ২০২৪-২০২৫ সালে বেড়ে ৬৩ শতাংশে দাঁড়িয়েছে। প্রায় ছয় বছরে মাত্র তিন শতাংশ পয়েন্ট অগ্রগতিকে বিশ্লেষকরা ২৪ কোটির বেশি জনসংখ্যার দেশের জন্য ‘উদ্বেগজনকভাবে ধীরগতির’ বলে মন্তব্য করেছেন।

আঞ্চলিক তুলনায় মালদ্বীপে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার ৯৮ শতাংশের বেশি। এছাড়াও শ্রীলঙ্কা এই হার ৯৩ শতাংশ, ভারতে ৮৭ শতাংশ ও বাংলাদেশে ৭৯ শতাংশ। নেপালের সাক্ষরতার হার ৬৮ শতাংশ এবং ভুটানের ৬৫ শতাংশ।
দক্ষিণ এশিয়ার গড় সাক্ষরতার হার ৭৮ শতাংশ, যা পাকিস্তানের তুলনায় ১৫ শতাংশ পয়েন্ট বেশি।

প্রতিবেদনে পাকিস্তানের ভেতরেও তীব্র বৈষম্যের চিত্র উঠে এসেছে। পুরুষদের সাক্ষরতার হার ৭৩ শতাংশ হলেও নারীদের ক্ষেত্রে তা মাত্র ৫৪ শতাংশ। প্রদেশ-ভিত্তিক হিসাবে পাঞ্জাবে সাক্ষরতার হার সর্বোচ্চ ৬৮ শতাংশ। সিন্ধু ও খাইবার পাখতুনখোয়া উভয় প্রদেশেই এই হার ৫৮ শতাংশ। সবচেয়ে কম সাক্ষরতার হার বেলুচিস্তানে, ৪৯ শতাংশ।

১৫ থেকে ২৪ বছর বয়সিদের যুব সাক্ষরতার হার ৭৭ শতাংশ হলেও, ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সিদের সামগ্রিক প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার মাত্র ৬০ শতাংশ। এতে বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা ও দক্ষতার ঘাটতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

এফএএফইএন বলছে, জরিপে ‘শিক্ষিত‘ বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে, যার বয়স ১০ বছর বা তার বেশি এবং যিনি একটি সাধারণ বাক্য পড়তে ও বুঝতে পারেন এবং একটি সাধারণ বাক্য লিখতে সক্ষম।

পর্যবেক্ষণ সংস্থা নীতিনির্ধারকদের শিক্ষা সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার, লিঙ্গ এবং আঞ্চলিক বৈষম্য মোকাবেলা করারর পাশাপাশি সাংবিধানিক এবং বিশ্বব্যাপী শিক্ষা লক্ষ্য পূরণের জন্য অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে।

-সাইমুন