মে মাসের সংঘাতে ভারতকে উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান মোদির নেতৃত্বাধীন ভারত সরকারকে উচিত শিক্ষা দিয়েছে, যা তারা কোনোদিন ভুলতে পারবে না। দিল্লি থেকে মুম্বাই— পুরো ভারতই এই পরাজয় কখনো ভুলবে না।

খাইবার পাখতুনখাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথা বলেন।

অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রসঙ্গ টেনে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ‘জাদুবিদ্যা’ নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমেই পাকিস্তান দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেয়েছে।

তিনি জানান, অর্থনীতি সংকটময় অবস্থা থেকে বেরিয়ে এসে স্থিতিশীলতার পথে রয়েছে এবং এখন এটিকে এগিয়ে নেয়ার প্রয়োজন। জাতীয় অগ্রগতির ভিত্তি হিসেবে ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘চারটি প্রদেশই যখন উন্নয়ন করবে, তখনই দেশ এগোবে’।

উল্লেখ্য, মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত ঘটে। জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর উত্তেজনা বেড়ে যায়। ভারতের দাবি, ওই হামলায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি নাগরিক। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নেওয়ার আহ্বান জানায়। তবে ভারত সরাসরি পাকিস্তানে হামলা চালায়। পাকিস্তান দাবি করে, ৮৭ ঘণ্টার সংঘাতে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফাল ফাইটার জেট। সংঘাতের শেষ ঘটে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে।

এমইউএম/