ঢাকার প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ ডিএমপি কমিশনারের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনের ভোটগ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ডিএমপি প্রণীত নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রগুলোতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে থানা এলাকা থেকে দূরবর্তী ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে থানা এলাকায় পুলিশি টহল আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

-এমইউএম