সরকারি চাকরি জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ পর্যালোচনায় কমিটি গঠন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে নয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে কমিটি গঠন করেছে। মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠন করা এই কমিটির সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রককে (সিজিএ) রাখা হয়েছে।

এ কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে। কমিটির প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।

গত বছরের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশন সরকারি চাকুরেদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। কমিশনের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন করতে বছরে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমানে বেতন–ভাতায় যে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়, তার অতিরিক্ত হিসেবে এ অর্থ লাগবে।

-সাইমুন