পোস্টাল ভোটে অংশগ্রহণ বাড়ছে, দেশে ফিরেছে প্রায় ২ লাখ ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো চালু হওয়া আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। ভোটদান শেষে এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট সংক্রান্ত হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, প্রবাসে অবস্থানরত ভোটার, ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে এ ব্যবস্থার আওতায় বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫টি ব্যালট ভোটারদের হাতে পৌঁছেছে।

ভোটারদের মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন তাদের ব্যালটে ভোটদান সম্পন্ন করেছেন। ভোটদান শেষে ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন ভোটার ডাকযোগে ব্যালট ফেরত পাঠিয়েছেন। এর মধ্যে সোমবার পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট দেশে পৌঁছেছে।

এছাড়া বিডি পোস্টের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ১ হাজার ৮৫৯টি ব্যালট পেপার।

অন্যদিকে, পোস্টাল ভোট বিডির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভোটারদের কাছে সরবরাহ করা সম্ভব না হওয়ায় ১২ হাজার ১৭০টি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।

উল্লেখ্য, চলতি নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

এজাজ আহমেদ