ভোটের প্রচারে বুধবার কুড়িগ্রাম যাচ্ছেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই সফরে তার সঙ্গে থাকছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

কুড়িগ্রাম জেলা জামায়াত সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় জামায়াত আমির হেলিকপ্টারযোগে জেলা স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। এরপর তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার জানান, এই সফরকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। জনসভায় ৪ থেকে সাড়ে ৪ লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, “আমাদের কেন্দ্রীয় নেতারা আসছেন, এতে কর্মীদের মাঝে উৎসাহ তৈরি হয়েছে। জেলার ৪টি আসনেই জোটের প্রার্থীদের বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

নির্বাচনি এই জনসভাকে কেন্দ্র করে কুড়িগ্রামে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বড় ধরনের জনসমাগমের কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছে।

লামিয়া আক্তার