রাশিয়ার স্টারলিংক ব্যবহার ঠেকাতে নেওয়া পদক্ষেপ কার্যকর হয়েছে: ইলন মাস্ক

ছবি: সংগৃহীত

রাশিয়ার হাতে স্টারলিংক ইন্টারনেট সেবার অননুমোদিত ব্যবহার বন্ধে নেওয়া পদক্ষেপ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এখন পর্যন্ত নেওয়া ব্যবস্থাগুলো কাজ করছে এবং প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে।

ইলন মাস্ক লেখেন, রাশিয়ার অননুমোদিত স্টারলিংক ব্যবহারের বিরুদ্ধে নেওয়া উদ্যোগ সফল হয়েছে বলে মনে হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের বিষয়েও কোম্পানি প্রস্তুত রয়েছে।

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানান, রাশিয়া যেন স্টারলিংক ব্যবহার করে ড্রোন পরিচালনা করতে না পারে সে লক্ষ্যে স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইউক্রেন। কিয়েভ দাবি করেছে, সাম্প্রতিক রুশ হামলায় ব্যবহৃত দীর্ঘপাল্লার ড্রোনে স্টারলিংক ইন্টারনেট সংযোগের উপস্থিতি পাওয়া গেছে।

ফেদোরভ বলেন, পশ্চিমা প্রযুক্তির উদ্দেশ্য হওয়া উচিত গণতান্ত্রিক বিশ্বকে সহায়তা করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা শান্তিপূর্ণ শহর ধ্বংসে তা ব্যবহার হওয়া উচিত নয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে ইলন মাস্কের মতপার্থক্য থাকলেও যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ও কিছু ড্রোন পরিচালনায় ইউক্রেনের সেনাবাহিনী এখনও বিপুল সংখ্যক স্টারলিংক টার্মিনালের ওপর নির্ভরশীল।

বিশ্লেষকদের মতে, স্টারলিংকের বিস্তার ইলন মাস্কের ভূরাজনৈতিক প্রভাবও বাড়িয়েছে। ২০২২ সালে তিনি প্রকাশ্যে জানান, ইউক্রেনীয় বাহিনী কোন এলাকায় এবং কীভাবে স্টারলিংক ব্যবহার করতে পারবে সে বিষয়ে স্পেসএক্সের নিয়ন্ত্রণ রয়েছে।

সূত্র: রয়টার্স

সাবরিনা রিমি/