আমিরের সোশ্যাল মিডিয়ার ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় থানায় অভিযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল ‘এক্স’ (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকড থাকা অবস্থায় ওই অ্যাকাউন্ট থেকে একটি ‘আপত্তিকর’ পোস্ট দেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাতিরঝিল থানায় গিয়ে জিডিটি করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। তিনি জানান, “অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি।”

দলীয় সূত্র অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আমিরের এক্স অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ হারায় তার সাইবার টিম। এর কিছুক্ষণ পর সাড়ে ৪টার দিকে হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও বিতর্কিত পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেয় জামায়াতের সাইবার বিশেষজ্ঞরা। বিকেল ৫টার দিকে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে আপত্তিকর পোস্টটি ডিলিট বা সরিয়ে ফেলা হয়।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অ্যাকাউন্টটি মাত্র ১ ঘণ্টা হ্যাকড থাকলেও সেই সুযোগে দেওয়া বিতর্কিত পোস্টটির স্ক্রিনশট ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। মূলত নির্বাচনের আগে আমিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কোনো স্বার্থান্বেষী মহল এই কাজ করেছে বলে ধারণা করছে দলটি। এ ধরনের অপপ্রচার বন্ধ করতে এবং হ্যাকারদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী।

লামিয়া আক্তার