শরীয়তপুর-১ আসনে বিএনপি প্রার্থীর ভিন্নধর্মী প্রচারণা

ভোটারদের দৃষ্টি আকর্ষণে চিরাচরিত প্রচারণার ধরন ভেঙে সার্কাস দলের সদস্যদের দিয়ে প্রচারণা চালাচ্ছেন শরীয়তপুর-১ আসনে বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। শরীয়তপুর শহরে এমন ভিন্নধর্মী প্রচারণা করতে দেখা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনে প্রতীক নিয়ে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১০টি দলের ১৭ জন দলীয় প্রার্থী ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় প্রার্থী ও তাদের প্রচারণার ব্যস্ততা বেড়েছে। সবাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

সার্কাস দল দিয়ে প্রচারণা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মরিয়ম আক্তার ও আছমা আক্তার বলেন, এমন প্রচারণা আগে কখনো দেখিনি। দেখতে আমাদের খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে ছবি তুলেছি। আনন্দদায়ক এই প্রচারণা সত্যিই মজার এবং ভোটের আমেজ তৈরি করেছে।

তরুণ ভোটার কবির হোসেন বলেন, আগের নির্বাচনগুলো ডামি ছিল, তাই তেমন প্রচারণা ছিল না। দীর্ঘদিন পর বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলামের এমন প্রচারণা দেখে মুগ্ধ হয়েছি। মনে হচ্ছে সত্যিকারের নির্বাচন আসছে। সার্কাস দলের কসরত দেখে সবাই খুব খুশি।

বগুড়া থেকে আসা সোনার বাংলা সার্কাস দলের প্রধান সুশান্ত মোদক বলেন, আমরা বিএনপি প্রার্থী আসলামের প্রচারণায় অংশ নিয়েছি। রনপা, এক চাকার সাইকেল, জাগলান, বায়োস্কোপসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করছি। মানুষ আগ্রহ নিয়ে এগুলো দেখছে। খেলাধুলার মাধ্যমে ভোটারদের মধ্যে প্রচারণা চালানো হচ্ছে।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। ভোটারদের আনন্দ দিতে আমরা ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছি।

-সাইমুন