বাঘারপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ ১০ গ্রেনেড উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় বেশকয়েকটি ধারালো অস্ত্রও জব্দ করা হয়। তবে অস্ত্র ও গোলাবারুদের কথিত মালিক রায়হান মোল্লা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল দড়িহাগড়া গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালায়।
রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে ওই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, আমেরিকার তৈরি ৭.৬৫ মডেলের ৩টি পিস্তল, ১৯ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছুরি ও একটি ক্ষুর উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদের মালিক চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮) অভিযানের আগেই পালিয়ে যান। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতক রায়হান মোল্লাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
-সাইমুন