চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৪) নামে এক কিশোর দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৩০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে অবস্থিত ‘জিহাদ–ফাতেমা স্টোর’ নামের একটি মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন লাগলে দোকানের মালিক জয়নাল আহমেদ দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন। তবে দোকানের ভেতরে থাকা কর্মচারী সাব্বির হোসেন বের হতে না পেরে আটকা পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে তিনি দগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকে অবহিত করেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জিহাদ–ফাতেমা স্টোরসহ পাশের আরও চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—জয়নাল আহমেদের মুদি দোকান, ইমনের ফার্মেসি, টেলু গাজীর ফার্নিচার দোকান, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান এবং জহিরের ওয়ার্কশপ।
ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করে। নিহত সাব্বির সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সালদহ এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জয়নালের মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমইউএম/










