পোস্টাল ব্যালটে কারচুপি বা একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ফেইস ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের কারণে পোস্টাল ব্যালটে ভোটের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সোমবার পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও জানান, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট ফেরত এসেছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে প্রায় ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে।
সানাউল্লাহ বলেন, ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণেই এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি।
-এমইউএম










