বিএনপি ক্ষমতায় গেলে বিনা মূল্যে ইন্টারনেট পাবে সবাই: মাহদী আমিন

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। পাশাপাশি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতেও বিএনপি কাজ করবে বলে জানান তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি জনগণের ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। মেধাবীদের জন্য যোগ্যতা অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানান তিনি।

আইসিটি খাতের উন্নয়নের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পেপাল চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে।

-এমইউএম