আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আদিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। তিনি বলেন, “আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।”

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, “বিগত সময়ে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছাড়িনি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা মজলুম ছিলাম, তাই মজলুমের দুঃখ আমরা বুঝি। এজন্য আমরা কখনো জালিম হবো না।”

মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, “কোনো ভয়-ভীতিতে আপনারা ক্ষান্ত হবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনেরা নিরাপদে থাকবেন।” তিনি আরও বলেন, “আপনারা সেই মা, যারা আবরার ফাহাদ, আবু সাঈদ ও ওসমান হাদিদের জন্ম দিয়েছেন। যারা ভয় দেখায়, তাদের রুখে দিন।”

যুবকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দেবো না। তাদের দেশ গড়ার কারিগরে পরিণত করবো। কর্মসংস্থান সৃষ্টি করে যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই।”

ভিন্ন ধর্মাবলম্বীদের প্রসঙ্গে তিনি বলেন, “এ দেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না।” একই সঙ্গে তিনি বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।

জনসমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এতে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও মাওলানা আবদুল হালিম, ডাকসু ভিপি সাদিক কায়েম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেটসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

-এমইউএম