২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ধারাবাহিক সামরিক অভিযানে প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন—এ তথ্য স্বীকার করেছে ইসরায়েল। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।
এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশিত হতাহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল ইসরায়েল। যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। ইসরায়েলের দাবি ছিল, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের তথ্য গ্রহণযোগ্য নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে নিহতদের নাম ও বয়স প্রকাশ করে থাকে। সর্বশেষ তথ্যে তারা জানিয়েছে, মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৪৮০ জনের বেশি মানুষ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার বিভিন্ন এলাকায় এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের পৃথকভাবে চিহ্নিত করা না হলেও অধিকাংশ নিহত নারী ও শিশু বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইটসহ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানায়, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে ইসরায়েলি সেনাবাহিনীও প্রায় একই ধরনের নিহতের হিসাব মেনে নিয়েছে।
ওয়াইনেটকে দেওয়া বক্তব্যে এক সামরিক কর্মকর্তা বলেন, “আমাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, “এই সংক্রান্ত যেকোনো তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।”
সূত্র: রয়টার্স










