মহালছড়িতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে খাগড়াছড়ির মহালছড়িতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট , আগারগাঁও, ঢাকা এবং বাস্তবায়ন করে উপজেলা নির্বাচন অফিস, মহালছড়ি, খাগড়াছড়ি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), জেলা নির্বাচন অফিসার এস. এম. শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান এবং মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন।

‎কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ব্যালট ও ভোট উপকরণ ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র্ পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটগ্রহণ চলাকালীন উদ্ভূত সমস্যা মোকাবিলা এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।এ সময় ‎বক্তারা বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা রক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

‎কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি