আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে খাগড়াছড়ির ২৯৮ নম্বর আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার খাগড়াছড়ি রিজিয়ন সম্মেলন কক্ষে এ আয়োজনে সভাপতিত্ব করেন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম ওবায়দুল হক।
এ সময় নির্বাচনকালীন পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা ও মাঠপর্যায়ে মোতায়েন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
রিজিয়ন কমান্ডার বলেন, ‘নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। প্রত্যেক প্রার্থীকেই নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। যেকোনো প্রকার সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা অনিয়ম থেকে বিরত থাকতে হবে।’
তিনি আরও বলেন, নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে।
সভায় উপস্থিত প্রার্থীরা তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। রিজিয়ন কমান্ডার প্রার্থীদের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
-সাইমুন










