পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ধরধরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে ধরধরা এলাকায় রেললাইনের ওপর এক ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বোদা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঠিক কোন ট্রেনে বা কখন এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।
খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। যেহেতু ঘটনাটি রেলওয়ের সীমানার ভেতরে, তাই নিয়ম অনুযায়ী বিষয়টি রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি। তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেবে।
শনিবার সকাল পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।