সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার হাবিবুল ইসলাম হাবিবের

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নগরঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা–কলারোয়া এলাকার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত থাকার সময় তিনি পাটকেলঘাটাকে থানায় রূপান্তরিত করেছিলেন। পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, তালা, পাটকেলঘাটা ও কলারোয়া থানা এবং পৌরসভাকে আধুনিক ও উন্নত অবকাঠামোয় গড়ে তোলা হবে।

বিএনপি ক্ষমতায় গেলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষি ভাতা প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদারের সভাপতিত্বে এবং মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, মফিদুল হক লিটু ও জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আকবর আলী, যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ এবং বিএনপি নেতা রাশেদুল হক রাজু।

জনসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মোঃ ইমন ইসলাম,সাতক্ষীরা/