নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খুনের ঘটনার সঙে্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হত্যাণ্ডের বিষয়টি সমকালকে নিশ্চিত করে বলেন, পুলিশ খুনিদের আটক করতে অভিযান শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। সাত-আট দিন আগে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে এলাকার কয়েকজন যুবক বাজি ধরে ক্রিকেট খেলছিল। এ সময় খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে একই দিন সন্ধ্যায় স্থানীয় সাজুর চায়ের দোকানে প্রাহিম নামে এক তরুণ তাকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দেন। ওই ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রুগুরামপুর গ্রামে আবারও আরিফের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে দুইজনকে আটক করা হয়েছে। আটকদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় পরে জানানো হবে বলেন তিনি।
-সাইমুন










