বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘মেহেরচণ্ডীর একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি তার মায়ের সঙ্গে ওই বাসায় থাকতেন। নিহত শিক্ষার্থীর বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিছুদিন আগে মারা যান।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‘সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

-সাইমুন