মিরপুরে কাস্তে মার্কার পথসভায় রুহিন হোসেন প্রিন্স

একাত্তরের ঘাতকচক্র শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেনি, তারা দেশের গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধেও ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

শুক্রবার বিকালে মিরপুরের ভিশন মোড়ে ঢাকা–১৫ আসনে কাস্তে মার্কার পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। রুহিন হোসেন প্রিন্স বলেন, একাত্তরের সেই অপশক্তি আজও গণতন্ত্র ধ্বংস এবং সমাজকে সাম্প্রদায়িক বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। নারী নেতৃত্ব নিয়ে তাদের অবমাননাকর বক্তব্য বাংলাদেশের রাষ্ট্রীয় মূল্যবোধের পরিপন্থী।

তিনি আরও বলেন, গত ৫৪ বছরে দেশের শাসকগোষ্ঠী বৈষম্যমূলক বাস্তবতা তৈরি করেছে। লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করে ব্যবস্থা বদল করতে পারে কেবল কমিউনিস্ট পার্টি। এ জন্য তিনি ঢাকা–১৫ আসনে সিপিবির প্রার্থী ডা. সাজেদুল হক রুবেলকে কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় বক্তব্যে সিপিবির প্রার্থী ডা. সাজেদুল হক রুবেল বলেন, আজ ৩০ জানুয়ারি মিরপুর হানাদার মুক্ত দিবস। যেভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে হানাদার ও তাদের দোসররা পরাজিত হয়েছিল, আগামী ১২ ফেব্রুয়ারিতেও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি পরাজিত হবে।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি বলেন, মিরপুরের মানুষের সুখ-দুঃখের সঙ্গী ডা. রুবেল দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে গণমানুষের রাজনীতি করে যাচ্ছেন। তাই মিরপুরবাসীর উচিত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা।

সাধারণ সম্পাদক লূনা নূর বলেন, ডা. সাজেদুল হক রুবেল শ্রমজীবী ও নিপীড়িত মানুষের প্রার্থী এবং সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের অগ্রগামী সৈনিক।

বিজ্ঞানী ডা. আবেদ চৌধুরী বলেন, লাল পতাকা মানেই সবুজ পৃথিবী। সমাজতন্ত্রই মুক্তির পথ, আর লুটেরা ধনতন্ত্র দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এদিন মিরপুরের বিভিন্ন অলিগলি ও পাড়ামহল্লায় সিপিবির প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রচারণায় সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক কমরেড লূনা নূরসহ মহানগর উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-সাইমুন