সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজকে শোকজ করা হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- সেই বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, গত সোমবার ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের পদত্যাগ দাবি করেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তবে এর পরপরই ওই বক্তব্যের বিরোধিতা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার পারভেজ লেখেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টরের পদত্যাগের আল্টিমেটাম ইবি ছাত্রদলের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয়। এ বক্তব্যের প্রেক্ষিতেই তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আনোয়ার পারভেজ বলেন, কেন্দ্র যেভাবে নির্দেশ দিয়েছে আমি সেভাবেই নিয়মতান্ত্রিকভাবে কারণ দর্শাব। আমার মনে হয় না আমি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ করেছি। তবে এখনই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাই না। কেন্দ্রে উপস্থিত হয়ে আমার বক্তব্য উপস্থাপন করব।
এ বিষয়ে মন্তব্য জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
-সাইমুন










