রিট খারিজ, শুক্রবার অনুষ্ঠেয় বিসিএস পরীক্ষায় আইনগত বাধা নেই

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠেয় পরীক্ষাটি নিতে আর কোনো আইনগত বাধা থাকল না। বৃহস্পতিবার হাইকোর্ট এই রিটটি খারিজ করেন।

জানা গেছে, নির্বাচনকালীন সময়ে গণভোটের প্রচার চালানোর সুযোগ দিতে সব ধরনের পরীক্ষা স্থগিতের দাবিতে গত ২০ জানুয়ারি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন এনামুল হকসহ একদল চাকরিপ্রার্থী। এতে কোনো সাড়া না পেয়ে গত বুধবার চারজন পরীক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, ৩০ জানুয়ারি নির্ধারিত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের বিষয়ে ২০ জানুয়ারি দেওয়া রিপ্রেজেন্টেশন (স্মারকলিপি) নিষ্পত্তিতে পিএসসির নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এ মর্মে রুল চাওয়া হয়। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গত ২৬ নভেম্বর জারি করা সার্কুলার অনুযায়ী ৩০ জানুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ স্থগিতের আবেদন করা হয়।

এছাড়া রিটে ৩০ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন তারিখ নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়। জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, পিএসসির সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) রিটে বিবাদী করা হয়।

উল্লেখ্য, ৫০তম বিসিএসে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন। এছাড়া নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

-এমইউএম