ব্রেভিসের ব্যাট দিয়ে সেঞ্চুরি করেও আরাম পাননি ডি কক

সেঞ্চুরিয়নে হোটেল থেকে সুপার স্পোর্টস পার্কের উদ্দেশে বাস ছাড়ার আধঘণ্টা আগে কুইন্টন ডি কক টের পান যে বাড়িতে ব্যাট ফেলে এসেছেন। অগত্যা দলের জুনিয়র ডেওয়াল্ড ব্রেভিসের একটা ব্যাট নিয়ে খেলতে নামেন। বৃহস্পতিবার রাতে সেই ব্যাট দিয়ে ৪৯ বলে টি২০তে ক্যারিয়ার সেরা ১১৫ রান করেন। তাঁর দাপটে উইন্ডিজের ৪ উইকেটে করা ২২১ রান পনেরো বল হাতে রেখে ৩ উইকেট খুইয়ে টপকে যায় দক্ষিণ আফ্রিকা। অবাক ব্যাপার হলো এমন বিস্ফোরক ইনিংসের পরও ব্রেভিসের ওই ব্যাট দিয়ে খেলে নাকি আরাম পাননি ডি কক!

৭ উইকেটের এ জয়ে তিন টি২০’র সিরিজে ২-০ তে এগিয়ে গেছে প্রোটিয়ারা। দুর্দান্ত ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন কুইন্টন ডি কক। জয়ের পর সংবাদ সম্মেলনে জানান বাড়িতে ব্যাট ফেলে আসার গল্প, ‘যখন আমি বিষয়টা টের পেলাম, তখন নিজেকে কিছুটা বোকা বোকা লাগছিল। আসলে গত বছরের শেষ দিকে নতুন কিছু ব্যাগ কিনেছিলাম, সেগুলোর কারণে বিভ্রান্তিটা হয়েছে।’

মাঠে রওনা হওয়ার আধঘণ্টা আগে বিষয়টি টের পাওয়ায় কিছু করারও ছিল না। কারণ, তাঁর বাড়ি থেকে সেঞ্চুরিয়ন বিমানে দুই ঘণ্টা লাগে। তাই অন্য কারও কাছ থেকে ব্যাট ধার করা ছাড়া উপায় ছিল না। দলের সিনিয়র হওয়াতে জুনিয়র যে কারও কাছ থেকে ব্যাট নিতে পারতেন, ‘চেইঞ্জ রুমে ঢোকার আগে আমি ব্রেভিস ও রিকসের (রিকেলটন) ব্যাটগুলো খুঁজছিলাম। এরমধ্যে ব্রেভিসের একটা ব্যাট উঠিয়ে নিলাম। আমি তখন বললাম–আজ আমি এটা দিয়ে খেলবো। সে (ব্রেভিস) জবাব দিল, এটা চমৎকার। তোমার জন্য আরও ভালো হবে, কারণ এটা বাঁহাতিদের জন্য।’ ব্রেভিস যে তাঁর সঙ্গে মজা করছেন সেটি ভালো মতোই বুঝতে পেরেছিলেন ডি কক। কারণ, কোনো ব্যাটই বাঁহাতি-ডানহাতি ভেবে তৈরি করা হয় না।

ব্রেভিসের ওই ব্যাট দিয়ে ৬টি চার ও ১০টি ছক্কায় টি২০ ক্যারিয়ার সেরা ১১৫ রানের ইনিংস খেলেন ডি কক। এমন ইনিংস যে ব্যাট দিয়ে খেলেছেন, সেটি কী নিজের কাছে রেখে দেবেন ৩৩ বছর বয়সী এ ব্যাটার?

উত্তর শুনে কিছুটা অবাকই হতো হলো, ‘আগামী ম্যাচের আগে যদি আমার ব্যাট চলে আসে তাহলে অবশ্যই আমি নিজের ব্যাট দিয়ে খেলব এবং ব্রেভিসকে তাঁর ব্যাট ফিরিয়ে দেব। সত্যি কথা বলতে তাঁর ব্যাট দিয়ে খেলে আরাম পাইনি, এটার ওজন বেশি।’ ব্রেভিস অবশ্য নিজের ব্যাট দিয়ে খেলে ৬ বলে ৪ রান করেন।

-সাইমুন