বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হতে যাচ্ছে নতুন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। সংস্কৃতি, বিনোদন ও সচেতনতার সমন্বয়ে সাজানো এই আয়োজনটি প্রতি মাসে একবার নতুন পর্বে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।
একক গান, লোকগান, পুঁথি পাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য এবং প্রাণবন্ত আড্ডার মাধ্যমে অনুষ্ঠানটির কাঠামো গড়ে তোলা হয়েছে। উপস্থাপনায় রয়েছেন জনপ্রিয় উপস্থাপক রশিদ সাগর। অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে আছেন ইয়াসির আরাফাত।
‘অভিনন্দন’-এর প্রথম পর্বের বিশেষ আকর্ষণ হিসেবে গল্প ও আড্ডা পর্বে অংশ নেবেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। এই পর্বে তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও সাংস্কৃতিক অবদানের জন্য বিশেষভাবে অভিনন্দন ও সম্মান জানানো হবে।
সংগীত পর্বে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের কণ্ঠে একটি নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শিল্পী শফি মন্ডল, শাহনাজ বেলী ও ডলি মন্ডল। লোকজ ধারার এই পরিবেশনা অনুষ্ঠানে যোগ করবে ভিন্নমাত্রা।
জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথি পাঠ করবেন আরিফ দেওয়ান, যা ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটকে নতুনভাবে তুলে ধরবে। সমসাময়িক সামাজিক বাস্তবতা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠানে থাকছে গুজব বিষয়ক একটি ছোট নাটিকা।
বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সামাজিক সচেতনতার মেলবন্ধনে সাজানো ‘অভিনন্দন’ অনুষ্ঠানটি দর্শকদের জন্য একটি উপভোগ্য ও অর্থবহ আয়োজন হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এই ম্যাগাজিন অনুষ্ঠান বিটিভির নিয়মিত অনুষ্ঠান তালিকায় যোগ করবে ভিন্ন স্বাদ ও বৈচিত্র্য।
বিথী রানী মণ্ডল/










