নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার লাহুড়িয়া–লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সাগরের বন্ধু ইমরান গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাগর মোল্যা লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের উসমান মোল্যার ছেলে। আহত ইমরান একই গ্রামের আরজান মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাগর ও ইমরান মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাকড়াইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইমরান ও পেছনে বসা আরোহী সাগর গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকায় এবং ইমরানকে যশোরে নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে সাগরের মৃত্যু হয়। অন্যদিকে ইমরানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাজিম উদ্দিন, নড়াইল/










