চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত নিজাম উদ্দিন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর এক দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। ভার্চুয়ালি কাসিমপুর কারাগার থেকে শুনানিতে অংশ নেন ফজলে করিম চৌধুরী।
চট্টগ্রাম কোর্ট পুলিশের এসআই মনির হোসেন বলেন, কোতোয়ালী থানার তরুণ নিজাম উদ্দিন হত্যা মামলায় পুলিশ ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত এক দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামি কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হন। তারপর থেকে কারাগারে বন্দি রয়েছেন তিনি।
-সাইমুন









