জনগণ ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবে : আমিনুল হক

ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার মিরপুর ৬ নম্বর ট-ব্লকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি এই আহ্বান জানান।

আমিনুল হক বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলোকে বড় করে দেখিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা একমাত্র বিএনপির রয়েছে। অন্যদিকে জামায়াত মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে।

আমিনুল হক অভিযোগ করেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি করছে।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি সহনশীলতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আগামী ১২ তারিখ একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সচেতন জনগণ ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে।

-সাইমুন