বিএনপি ক্ষমতায় এলে মোংলা নদীতে ঝুলন্ত সেতুর প্রতিশ্রুতি

বাগেরহাট-০৩ আসনের (মোংলা–রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভোট দেওয়ার কারণে যেন কাউকে বাড়িঘর ছাড়তে না হয়, সে বিষয়ে তিনি কঠোর নজরদারি করবেন। ভোট-পরবর্তী সময়েও সকলের সহাবস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

বৃহস্পতিবার বিকালে মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ’র মাজারসংলগ্ন মাঠে চাঁদপাই ইউনিয়ন বিএনপির আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি এ জনপদের রাস্তাঘাটের উন্নয়ন করা হবে, যাতে শ্রমিকসহ সাধারণ মানুষ সহজে যাতায়াত করতে পারে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুন্দরবনকেন্দ্রিক ইকোট্যুরিজম গড়ে তোলার কথাও জানান তিনি। এছাড়া মোংলা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে বলেও আশ্বাস দেন।

শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, কেউ যেন নিজের ভোট বিক্রি না করে এবং আশপাশের কাউকে ভোট বিক্রি করতেও না দেয়—সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম শেখ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, স্থানীয় বিএনপি নেতা রুস্তম আলী শেখ, এমরান হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম।

-সাইমুন