গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষই ভরসা: নিপুণ রায় চৌধুরী

দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হলে জনগণের ভোটে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়–এর পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণে ধানের শীষই জনগণের শেষ ভরসা। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। ন্যায়বিচার ও সুশাসনের অভাবে সমাজে অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে রায় দিতে হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয়; এটি দেশ ও জনগণের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। সবাইকে ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

নিপুণ রায় চৌধুরী আরও বলেন, আগামী ১২ তারিখের ভোটের মাধ্যমে রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখে দিতে হবে। ওই দিনের ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে স্বাধীনতার চেতনার পক্ষের শক্তিই বিজয়ী হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনোই স্বাধীনতাবিরোধী শক্তিকে মেনে নেয়নি। যারা অতীতে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে কিংবা এখনো সেই চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণতন্ত্র রক্ষার একমাত্র পথ অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি।

-সাইমুন