বিশ্ব নেতৃত্বের পথে এগোতে ভারত নিজেকে প্রস্তুত করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিমান চলাচল, টেকসই জ্বালানি, প্রযুক্তি উদ্ভাবন এবং বৈশ্বিক সংযোগ—সব খাতেই নেতৃত্বের সক্ষমতা গড়ে তুলছে ভারত।
বুধবার উইংস ইন্ডিয়া ২০২৬ এভিয়েশন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।
তিনি জানান, ২০৪৭ সালের মধ্যে দেশে ৪০০-এর বেশি বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে ভারত নিজেকে বৈশ্বিক নেতৃত্বের জন্য প্রস্তুত করছে।
মোদি বলেন, সরকারের লক্ষ্য হলো আকাশপথে ভ্রমণকে দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজ ও সাশ্রয়ী করা। তিনি উল্লেখ করেন, ভারতে বিমানযাত্রা এখন আর কেবল বিশেষ শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত হচ্ছে।
তিনি জানান, ২০১৪ সালে ভারতে বিমানবন্দরের সংখ্যা ছিল ৭০টি, যা বর্তমানে বেড়ে ১৬০টির বেশি হয়েছে। পাশাপাশি ১০০টিরও বেশি এয়ারড্রোম সক্রিয় করা হয়েছে। টিয়ার–২ ও টিয়ার–৩ শহরগুলোতে নতুন বিমানবন্দর স্থাপনের মাধ্যমে আঞ্চলিক সংযোগ জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ধীরে ধীরে ‘গ্লোবাল সাউথ’-কে বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত হচ্ছে। একই সঙ্গে টেকসই এভিয়েশন ফুয়েল উৎপাদনের ক্ষেত্রেও নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি।
উন্নত প্রযুক্তির প্রসঙ্গে মোদি বলেন, ভারতে ইতোমধ্যে বিমানের যন্ত্রাংশ উৎপাদন ও সরবরাহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশেই সামরিক ও পরিবহন বিমান তৈরি হচ্ছে এবং বেসামরিক বিমান উৎপাদনেও কাজ এগোচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভারতে নকশা ও উৎপাদিত ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ ও ল্যান্ডিং (ইভিটিওএল) বিমান এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভ্রমণের সময় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে উইংস ইন্ডিয়া ২০২৬ সম্মেলনের উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু। তিনি এটিকে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক এভিয়েশন সম্মেলন হিসেবে উল্লেখ করেন।
তেলেঙ্গানা সরকারের সহযোগিতায় ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হলো বেসামরিক বিমান উৎপাদনে ভারতের সক্ষমতা ও ক্রমবর্ধমান চাহিদা তুলে ধরা।
বেলাল হোসেন/










