টেকসই প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্বে প্রস্তুত ভারত: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আকাশপথে যোগাযোগ ও টেকসই প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে ভারত নিজেকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করছে। তিনি জানান, ২০৪৭ সালের মধ্যে ভারতে ৪০০টিরও বেশি বিমানবন্দর গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার।

বুধবার উইংস ইন্ডিয়া ২০২৬ এভিয়েশন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।মোদি বলেন, আকাশপথে ভ্রমণকে দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজ ও সাশ্রয়ী করাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে টিয়ার–২ ও টিয়ার–৩ শহরগুলোতে নতুন বিমানবন্দর স্থাপন করে সংযোগ বাড়ানো হয়েছে। তিনি জানান, ২০১৪ সালে দেশে বিমানবন্দরের সংখ্যা ছিল ৭০টি, যা বর্তমানে বেড়ে ১৬০টির বেশি হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১০০টির বেশি এয়ারড্রোম ইতোমধ্যে সক্রিয় করা হয়েছে এবং স্বল্পমূল্যের বিমানযাত্রার জন্য বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। এর ফলে বিমানযাত্রা আর কেবল নির্দিষ্ট শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই।

পরিবেশবান্ধব উন্নয়নের কথা তুলে ধরে মোদি বলেন, ভারত টেকসই এভিয়েশন ফুয়েল উৎপাদনের মাধ্যমে বৈশ্বিক পরিবেশ সুরক্ষায় নেতৃত্ব দিতে চায়। পাশাপাশি বিমান যন্ত্রাংশ উৎপাদন, সামরিক ও পরিবহন বিমান নির্মাণেও দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থান, শক্তিশালী অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং ভবিষ্যতে দীর্ঘপাল্লার বিমান বহর সম্প্রসারণের সক্ষমতা ভারতকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করবে।

বেলাল হোসেন/