বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা রণবীর সিং। তবে সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন এই অভিনেতা। তার বিরুদ্ধে কর্নাটকে এফআইআর দায়ের করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলে প্রচলিত চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে রণবীর সিংয়ের বিরুদ্ধে। বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় এই অভিযোগ দায়ের করেন স্থানীয় আইনজীবী প্রশান্ত মেঠাল।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, অভিনেতা হিন্দু দেবদেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং চামুণ্ডা দেবীর অনুকরণ করতে গিয়ে কর্নাটকের স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয় এই দেবীকে অপমান করেছেন।
অভিযোগের সূত্রপাত কয়েক মাস আগের একটি ঘটনার মাধ্যমে। গোয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে অভিনেতা রণবীর সিং ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত জনপ্রিয় কন্নড় সিনেমা ‘কান্তারা’র প্রশংসা করছিলেন। সেই সময় সিনেমায় দেখানো চামুণ্ডা দেবীর একটি দৃশ্য অভিনয় করে দেখান তিনি। অভিযোগ রয়েছে, ওই অভিনয়ের সময় রণবীর সিং চামুণ্ডা দেবীকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন, যা অনেকের কাছে আপত্তিকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল বলে বিবেচিত হয়।
এ বিষয়ে ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠিও আগে এক সাক্ষাৎকারে নিজের অস্বস্তির কথা প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, অনুষ্ঠান চলাকালীন দর্শকাসন থেকেই তিনি বারবার রণবীর সিংকে চামুণ্ডা দেবীর নকল না করতে অনুরোধ করেছিলেন। তবে অভিনেতা সেই অনুরোধে কর্ণপাত করেননি।
ঋষভ শেঠির ভাষায়, তিনি তখন খুব অস্বস্তিতে পড়ে যান। তার মতে, বিষয়টি শুধু অভিনয় বা সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নয়। চামুণ্ডা দেবী কর্নাটকের স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত একটি দৈব্য সত্তা। তাই এই ধরনের নকল বা উপস্থাপন অনেকের অনুভূতিতে আঘাত করতে পারে। তিনি আরও বলেন, যেখানে যান সেখানেই তিনি এই দৈব্যের নকল না করতে অনুরোধ করেন, কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রণবীর সিং। কটাক্ষের চাপ বাড়তে থাকায় পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চান। তবে সেই ক্ষমা চাওয়ায় বিতর্ক পুরোপুরি থামেনি। শেষ পর্যন্ত বিষয়টি আইনি পর্যায়ে গড়ায় এবং এফআইআর দায়ের করা হয়।
এদিকে এফআইআর দায়েরের পর এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি অভিনেতা রণবীর সিং। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।
বিথী রানী মণ্ডল/










