মাদারীপুরে অবৈধভাবে গাছ পুড়িয়ে কয়লা তৈরি, ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী

মাদারীপুর সদর উপজেলায় পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে দিনরাত অভিনব কায়দায় গাছ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির অভিযোগ উঠেছে রুবেল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ভয়াবহ পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের দাবি, বসতবাড়ির খুব কাছেই মাটির চুল্লির মতো করে কাঠ জ্বালিয়ে কয়লা তৈরি করা হচ্ছে। দিনরাত ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। অনেকেই শ্বাসকষ্ট, কাশি ও বুকে জ্বালাপোড়ার সমস্যায় ভুগছেন বলে জানান। কয়েকজন অভিভাবক বলেন, ধোঁয়ার কারণে বাচ্চারা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট লেগেই আছে।

গ্রামের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, জানালা খুলে রাখা যায় না, ঘরের ভেতরেও ধোঁয়ার গন্ধ ঢুকে পড়ে। মনে হয় যেন সবসময় আগুন জ্বলছে আশেপাশে। আরেকজন বলেন, পরিবেশ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। গাছ কেটে পুড়িয়ে কয়লা বানানো হচ্ছে, অথচ কেউ দেখার নেই।

এলাকাবাসীর অভিযোগ, বারবার নিষেধ করার পরও ওই ব্যক্তি কার্যক্রম বন্ধ করেননি। বরং রাতের দিকেও গোপনে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে বলে দাবি তাদের।

পরিবেশ সচেতনরা বলছেন, এভাবে খোলা জায়গায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করলে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করতে পারে। এতে বাতাসে ক্ষতিকর ধোঁয়া ছড়িয়ে মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা অবৈধভাবে গাছ কাটা ও কয়লা তৈরির কার্যক্রম বন্ধসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

হাবিবুর রহমান সুমন,মাদারীপুর