নিপাহ ভাইরাস: বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের বিশেষ পরীক্ষা করবে মালয়েশিয়া

ছবিঃ সংগৃহীত

 নিপাহ ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ ও ভারত থেকে আগত যাত্রীদের ওপর বিশেষ স্বাস্থ্য পরীক্ষা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিপাহ ভাইরাসের উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হিসেবে চিহ্নিত বাংলাদেশ ও ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পরই মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। মূলত সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ ও প্রস্তুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. জুলকেফলি আহমেদ জানান, দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা কার্যকর করা হবে। এর আওতায় আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা অব্যাহত থাকবে, কারণ জ্বর নিপাহ ভাইরাস সংক্রমণের একটি প্রধান উপসর্গ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতকে উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশ হিসেবে বিবেচনা করা হলেও এ দুই দেশ থেকে আগত যাত্রীদের জন্য আলাদা কোনো রুট চালু করা হচ্ছে না। তবে কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া গেলে তাকে পরবর্তী ধাপে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে।

বেলাল হোসেন/