টাঙ্গাইল-৫ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আহছান হাবিব (মাসুদ) এর সমর্থনে ১১ দলীয় জোটের যৌথ ঘোষণা এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী কাজে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জেলার বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর নারী ও পুরুষ কর্মীদের উপর হামলার অভিযোগ করেন ১১ দলের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর আহছান হাবীব মাসুদ।
আহছান হাবিব মাসুদ বলেন, এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। সমাজের সব শ্রেণির মানুষ তাদের পাশে রয়েছে। ভোটাররা আমাদের সমর্থন দিচ্ছেন। হিন্দু ভোটাররাও সমর্থন দিচ্ছেন। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি চাই না।
এসময় তিনি নারী কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বলেন, নারীদের ওপর হামলা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কাকুয়া ইউনিয়নে জামায়াতের সম্মেলনে হামলা এবং বিভিন্ন এলাকায় অফিস করতে না দেওয়ার অভিযোগও করেন তিনি।
এছাড়া সংবাদ সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচিত হলে চরাঞ্চলকে শিল্পনগরী গড়ে তোলা এবং টাঙ্গাইল থেকে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন তিনি।
মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল









