আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ভালুকায় প্রার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেন।
সভায় উপস্থিত প্রার্থীরা বলেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা এবং নিরপেক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির প্রার্থী ইশরার উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজ আলম, গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম, এনসিপির প্রার্থী জাহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা কামাল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
-তাইয়েব ইবনে ফারুকী, ভালুকা (ময়মনসিংহ)










